পুরো বিশ্ব স্থবির মহামারী নভেল করোনাভাইরাসের। ক্রমেই ছড়িয়ে পড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে মক্কা ও মদিনায় দর্শনার্থীদের প্রবেশ ও নামাজ বন্ধ হয়ে গেছে। বিদ্যমান এ অবস্থায় মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ মহামারী চলতে থাকলে ২২২ বছর পর এবার প্রথম বাতিল হতে পারে পবিত্র হজ।
সর্বশেষ ১৭৯৮ সালে বাতিল হয়েছিল হজের আনুষ্ঠানিকতা। এছাড়া মহামারী ও যুদ্ধের কারণে আরও প্রায় ৪০ বার এ বার্ষিক জমায়েত বাতিল হয়। করোনাভাইরাসের কারণে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সৌদি আরবের পক্ষ থেকে হজ নিয়ে এখনই কাউকে চুক্তি না করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের কর্মকর্তাদের দেয়া ইঙ্গিত পর্যালোচনা করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাতিল হতে পারে এ বছরের হজ।
সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘সৌদি আরব সব মুসলিম ও নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত। করোনাভাইরাসের কারণে এবার পবিত্র হজ হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে।’
জুলাইয়ের শেষের দিকে শুরু হওয়ার কথা এ বছরের হজের আনুষ্ঠানিকতা। হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, করোনা পরিস্থিতিতে সৌদি আরবে ঘোষণা করা হয়েছে লকডাউন। দেশটির পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাতে দিন-রাত ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে, যা হজযাত্রার কেন্দ্রবিন্দু। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারীর সময়ও এ দুটি শহর বন্ধ করা হয়নি। লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজের লেকচারার সিরাজ মাহের বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ মানুষকে মানসিকভাবে প্রস্তুত করছে যে এবারের হজ বাতিল হতে পারে।’ অতীতের ঐতিহাসিক উদাহরণ টেনে সিরাজ মাহের বলেন, ‘বিপর্যয় বা সংঘাতসহ বিভিন্ন কারণে হজ বাতিল করা হয়েছিল। আমার মনে হয়, এটি সেই বৃহত্তর প্রচেষ্টা যাতে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে, হজ যদি বাতিল করা হয়েই থাকে তাহলে তা একেবারেই কোনো অভূতপূর্ব ঘটনা নয়।