স্টিফেন হকিং ভিনগ্রহের প্রাণীদের নিয়ে সতর্ক করলেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্টিফেন হকিং এবার এক ভয়ানক আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন অন্য কোনো গ্রহের প্রতি আমাদের আগ্রহ ভয়ঙ্কর কোনো বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে সেই গ্রহের বাসিন্দারা যদি প্রযুক্তিগত দিক থেকে আমাদের তুলনায় বেশি এগিয়ে থাকে। এ খবর জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

‘স্টিফেন হকিংস ফেভারেট প্লেসেস’ নামের নতুন একটি অনলাইন ফিল্মে হকিং বলেছেন, ‘নিজেদের তুলনায় উন্নত সভ্যতার সঙ্গে যোগাযোগের ফল যে ভালো হয় না তার একটা উদাহরণ হতে পারে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার। কলম্বাসের এই আবিষ্কারের পর স্থানীয় আমেরিকানদের ভাগ্যে দুর্দশা নেমে এসেছিল।’

অনলাইন ওই চলচ্চিত্রে দেখা যায়, স্টিফেন হকিং গ্লিস ৮৩২সি গ্রহের আশপাশ দিয়ে একটি কাল্পনিক সফর করেন। এই গ্রহটি পৃথিবী থেকে ১৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। এ সময় হকিং বলেন, ‘কোনো একদিন হয়তো আমরা পৃথিবীর বাসিন্দারা গ্লিস ৮৩২সির মতো গ্রহ থেকে সংকেত পেতে পারি। কিন্তু ফিরতি সংকেত দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই চিন্তাভাবনা করতে হবে। তারা আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে পারে এবং আমরা ব্যাকটেরিয়াদের যেরকম অপ্রয়োজনীয় মনে করি, আমাদের মূল্য ওদের কাছ তার থেকেও কম হতে পারে।’

হকিং আরো বলেন, ‘আমার যত বয়স বাড়ছে, আমি নিশ্চিত হচ্ছি যে সৌরজগতে আমরা একা নই।’

এবারই প্রথম নয়। এর আগেও হকিন্স বিপজ্জনক ভিনগ্রহীদের ব্যাপারে বিভিন্ন সময় সাবধান বাণী দিয়েছিলেন। লিসেন প্রজেক্ট নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছেন হকিং। এর মাধ্যমে পৃথিবীর নিকটবর্তী গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তা যাচাই করে দেখা হবে। গত বছর হকিং বলেছিলেন, ‘পৃথিবী থেকে পাঠানো কোনো সংকেত যদি ভিনগ্রহের মানুষ বুঝতে পারে তাহলে বুঝতে হবে তারা মানুষের চেয়ে কয়েকশ কোটি বছর এগিয়ে রয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।