হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘স্কুল ড্রেস’ না পরে আসায় ছাত্রীকে শাস্তি দেয়ার অভিযোগে খণ্ডকালীন সহকারী শিক্ষিকা মৌসুমী রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনায় গতকাল রবিবার বিকেলে বিদ্যালয় সভাকক্ষে দীর্ঘ আলোচনা শেষে মৌসুমী রায়কে চাকরীচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমের স্বাক্ষরিত বহিস্করাদেশ প্রদান করা হয়। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার, সামাজিক মাধ্যমে একটি আবেগঘন সাক্ষাৎকারে জানায়, সে বোরকা পরে স্কুলে আসায় – শিক্ষিকা মৌসুমী রায় তাকে সেজদা দিতে বলে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ধর্মীয় স্পর্শকাতর প্রচারণা চালানো হয়।
সংবাদটি নজরে আসে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের। তিনি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন ধরনের পোষ্ট বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বরখাস্তকৃত শিক্ষিকা মৌসুমী রায়ের কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।