সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে দেশের সব শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান।
বৈঠকে দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা ও দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এর মধ্যে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, গোত্রভিত্তিক পরিচয় নিশ্চিত করা, সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা, বনাঞ্চল ও উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ বন্ধ এবং সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সরকার এমন একটি রাষ্ট্র গঠনে কাজ করছে যেখানে জাতি, ধর্ম বা গোষ্ঠীভেদে কোনো বৈষম্য থাকবে না। তিনি সবাইকে উন্নয়ন কার্যক্রমে অংশীদার হওয়ার আহ্বান জানান।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন অনিয়ম ও অর্থ পাচারের কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ধাপে ধাপে সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা নানা সমস্যার কারণে জনগণের প্রত্যাশা বর্তমান সরকারের ওপর বেশি। সেই প্রত্যাশা পূরণে সরকার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করার উদ্যোগ চলছে।
এছাড়া আগামী ২০২৬–২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কিডনি ডায়ালাইসিস, হার্টের রিংসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা-সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর কর কমানোর বিষয়ও সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতিকর্মী সঞ্জিব দ্রং এবং দেশের ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।