১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থ্যতা কামনায় আজ সন্ধ্যায় সকল উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানাগেছে তার অবস্থা আশঙ্কাজনক। সেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং তার যকৃত ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে বলে জানা গেছে।
এতে বলা হয়, ফ্লোরিডা থেকে সি আর দত্তের কন্যা কবিতা দাশগুপ্তা রাতে ফোনে এ সংবাদ জানিয়েছেন। তার পিতার সুস্থতার জন্য দেশবাসীর আশীর্বাদ চেয়েছেন।
সি আর দত্তের কন্যা জানান, গত ২০ আগস্ট বৃহস্পতিবার তার বাসভবনের বাথরুমে হঠাৎ করে জেনারেল দত্ত পড়ে যান। এতে তার পা ভেঙে যায়। এরপর জেনারেল দত্তকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি দীপঙ্কর ঘোষ জানান, সি আর দত্ত দীর্ঘদিন থেকেই অসুস্থ। তবে বর্তমানে তার অবস্থা একটু বেশিই ক্রিটিক্যাল।



