স্টাফ রিপোর্টার: এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শাকসবজির দাম প্রতি কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে রাজধানীর কাঁচাবাজারে।
শুক্রবার রাজধানীর ঝিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
গত সপ্তাহে বাজারভেদে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকায়। যা আজ বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। কাকরোলের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা। বেগুন ৫০ থেকে বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙা ৬৩ টাকা, বরবটি ৪৮-৫৩ টাকা, টমেটো ৮৫ টাকা, বাঁধাকপি ৪৫ টাকা (প্রতি পিস), ফুলকপি ৩০-৩৫ টাকা (প্রতি পিস), চিচিঙ্গা ৪৫-৫০ টাকা, শিম ৮৫ টাকা, পেঁপে ২৫ টাকা, ঢেঁড়স ৪০-৪৩ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪৫ টাকা, আলু ২০-২৪ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাজর ৫০ টাকা, মিষ্টি কুমড়া (প্রতি পিস) ৪৫-৭০ টাকা, লাউ ৩০-৪০ টাকা ও পটল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেট কাঁচাবাজারের এক বিক্রেতা বলেন, সবজির দাম খুব একটা বাড়েনি। ৩ থেকে ৫ টাকার মতো বেড়েছে। যা প্রতি সপ্তাহেই বাড়ে। মাঝে মাঝে একই হারে কমে।
এ ছাড়া বাজারে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম অপরিবর্তিত আছে। পেঁয়াজ (দেশি) ৩০-৩৫ টাকা প্রতি কেজি। পেঁয়াজ (আমদানি করা) ২৫ টাকা।
এদিকে মাংসের বাজার রয়েছে স্থিতিশীল। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। খাসির মাংসের কেজি ৬০০ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। লেয়ার প্রতি কেজি ১৭০ টাকা। আকারভেদে দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৪০ টাকা।