সারা বাংলাদেশে নৃশংস ও পরিকল্পিতভাবে সংঘটিত সংখ্যালঘু হত্যা, ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের গভীর উদ্বেগ প্রকাশ করে লাশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সনাতনী সম্প্রদায়। সনাতনীদের লাশ নিয়ে প্রতিবাদ
আজ ৯ জানুয়ারি শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কফিন মিছিল করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সমগ্র বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে সংঘটিত নৃশংস হত্যা, ধর্ষণ, নির্যাতন, মন্দির ও বসতবাড়ি ভাংচুর এবং লুটপাটের ঘটনাগুলো মানবাধিকার ও সংবিধানের চরম লঙ্ঘন। এসব ঘটনা কোন বিচ্ছিন্ন অপরাধ নয়-বরং পরিকল্পিত ও সংঘটিত সহিংসতার বহিঃপ্রকাশ।
এইসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরবতা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান। তাই আমরা নির্যাতিত ও নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায়বিচার, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার দাবীতে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও লাশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি।
তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে-
১। সারাদেশে পরিকল্পিতভাবে যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিতে হবে।
২। সংখ্যালঘুদের ওপর সঙ্ঘটিত সকল হত্যা, ধর্ষণ ও সহিংসতার নিরপেক্ষ বিচার করতে হবে।
৩। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৪। সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে।