ষষ্ঠবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। কিন্তু প্রবীণ এই রাজনীতিবিদ কখনো তার পুরো মেয়াদ শেষ করতে পারেননি।
গতকাল প্রেসিডেন্ট কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছ থেকে ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে শপথ গ্রহণ করেন।
এর আগে তিনি পঙ্গু অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটিতে ঐক্যের শাসন পরিচালনা করতে সম্মত হন।
রানিল বিক্রমাসিংহে ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদীয় প্রতিনিধি। সাবেক এই আইনজীবী একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার চাচা জুনিয়াস জয়বর্ধনে এক দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসা বোমা হামলায় নিহত হওয়ার পর রনিল বিক্রমাসিংহে প্রথমবার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। তার প্রথম মেয়াদ এক বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়েছিল।