বাম গণতান্ত্রিক জোট, ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে পৃথক সময়ে গণভবনে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংলাপ চেয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে গণভবনে আমন্ত্রণ পায় সংগঠনগুলো।
আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে আলাদা সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে গত ১ নভেম্বর সংলাপে আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়। জবাবে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীকে চিঠি দেয়া হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীন এর কাছে চিঠি হস্তান্তর করেন। এ প্রসঙ্গে খোরশেদ আলম জানান, গণভবনে সংলাপে ১০-১২ জনের একটি প্রতিনিধি দল যেতে পারে। অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকেও একই দিনে সংলাপের আগ্রহ প্রকাশ করে অর্থাৎ ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়। জোটের সমন্বয়ক সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে সুবিধামতো সময় চেয়ে তারা ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলের তালিকা পাঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা চিঠিতে তাদের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংলাপে অংশ নেবার আহ্বান জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলের সদস্য হয়ে যারা অংশ নেবেন, তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, সদস্য ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রণজিত কুমার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল।
এছাড়া দুপুর ২টায় সংলাপে অংশ নিচ্ছেন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স। জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও কো চেয়ারম্যান এম এ আউয়াল এমপির নেতৃত্বে জোটের প্রায় সব দলের নেতারা এ সংলাপে অংশ নেবেন। গণভবনে সংলাপে যাওয়ার বিষয় নিশ্চিত করেন জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।