নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় তার নিরাপত্তার কাজে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) জড়িত বলে খবর প্রকাশ করেছে একটি ভারতীয় সংবাদ মাধ্যম। সিএনএন নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, গত ২৪ আগস্ট হত্যার এ ষড়যন্ত্র হয়। পরিকল্পনা ছিল ইন্দিরা গান্ধীর মতো হত্যার।
বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত, তাদের একটা অংশ নাকি জেএমবির সাথে আতাঁত করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল গত ২৪ আগস্ট।
এই খবরটা কোথায় পাইলাম? পাইলাম মিয়ানমারের একটি পত্রিকায়! mizzima.com। খবরটি ‘উৎপাদন’ করেছেন বাংলাদেশের ‘ভারতপ্রভাবিত’ সাংবাদিক মহলের প্রিয়মুখ জনাব সুবীর ভৌমিক। এই নামটি সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি না। অনেকেই উনার সম্পর্কে ধারণা রাখেন।
তো একটা দেশের প্রধানমন্ত্রীকে তার বডিগার্ডদের দ্বারা হত্যার ষড়যন্ত্রের মতো বিরাট খবরকে প্রকাশের জন্য সুবীর ভৌমিকের মতো বেশ ভাল কানেকশন থাকা এবং অতীতে আন্তজার্তিক সংবাদমাধ্যমে কাজ করা সাংবাদিককে খুঁজে বের করতে হলো মিয়ানমারের এক অখ্যাত পত্রিকাকে। কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার এই ‘স্কুপ নিউজ’কে পাত্তা দিল না! বাংলাদেশেরগুলো না হয় ইচ্ছা করেই নেয়নি!
অবশ্য ভারতের কোনো ভুইফোড় সংবাদমাধ্যমকেও তো বেছে নিতে পারতেন ভৌমিক। কিন্তু তা না করে মিয়ানমারের একটি পত্রিকাকে বেছে নেয়ার আলাদা তাৎপর্য থাকতে পারে। (আপডেট: সর্বশেষ দেখলাম ভারতীয় একটি সংবাদমাধ্যমেও এসেছে খবরটি। সেখানে সুবীর ভৌমিকের সাথে আরেকজন সাংবাদিক আছেন রিপোর্ট তৈরিতে।)
খবরটি পুরো পড়লে তাৎপর্যটি মোটামুটি ভালই ধরা যায়। বাংলাদেশ সেনাবাহিনীকের ঘিরে বিতর্ক বাজারে ছাড়া- বাংলাদেশের ভেতরে ও বাইরে। রোহিঙ্গা ইস্যুকে ডিল করতে বাংলাদেশের নেয়া অবস্থান আর সর্বশেষ শরণার্থীদেরকে পুনর্বাসনে সেনাবাহিনী নিয়োগে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত- এসব অনেককে জ্বালিয়ে-পুড়িয়ে মারছে! তো এমন পরিস্থিতির সুযোগ নেয়ার জন্য আগে থেকে (বিভিন্ন কারণে) বাংলাদেশ সেনাবাহিনীর উপর ক্ষেপে থাকা যে কেউ চাইতেই পারে।
মজার বিষয় হল, সুবীর দা তার ‘ষড়যন্ত্রমূলক’ ‘স্কুপ নিউজ’টির সাথে অন্যান্য যোগসূত্র তৈরি করে পাকিস্তানকে টেনে আনতে আশ্রয় নিয়েছেন একটি ফেইক নিউজের। গত জুলাই মাসে বাংলাদেশের একটি ভুইফোড় অনলাইন পত্রিকা ‘পূর্বপশ্চিমবিডি’তে ‘খবর’ বেরিয়েছিল ‘লন্ডনে খালেদা জিয়া আইএসআইয়ের সাথে মিলে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন।’ আমি তখন বিভিন্ন অনলাইন সূত্র খুঁজে এবং সাংবাদিকতার বেসিক স্ট্যার্ন্ডার্ড এপ্লাই করে দেখিয়েছিলাম যে, ওই নিউজটা কিভাবে একটা ফেইক নিউজ। (পড়ুন কমেন্টে দেয়া লিংক)
তো সেই ফেইক নিউজকে ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রত্যক্ষভাবে জেএমবি আর পরোক্ষভাবে আইএসআইয়ের কানেকশন দেখাতে চান সুবীর দা। রোহিঙ্গাদের সাথে আইএসআইয়ের কানেকশন জোরালো- এমন একটা হাওয়াইমিটাই বহুদিন ধরে বেচা হচ্ছে কিছু মিডিয়ায়। সেই রোহিঙ্গাদেরকে নিয়ে এখন মাঠেই কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী! আহারে সবই তো ‘আইএসআইয়ের হাতে’ চলে যাচ্ছে! হাহাহা। সাথে তো শেখ হাসিনাকে হত্যায় বিএনপির সংশ্লিষ্টতা আছে ওই ফেইক নিউজেই তা বলা ছিল!
এখন বাবা বাংলাদেশের আর্মির ভেতরে জঙ্গি, আইএসআইয়ের লগে বিএনপি, রোহিঙ্গা লগে আইএসআই, আবার বাংলাদেশে রোহিঙ্গাদের সাথে আর্মি! সব মিলে একাকার! মিয়ানমার-ভারত এগিয়ে চলেন, সুবীর দা আছেন আপনাদের সাথে!