শত্রুতা করে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে ভারত -এ্যানি

শত্রুতা করে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে ভারত -এ্যানি

ভারত থেকে ঢল নামছে এটি কোনো স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পানি নয়। এটি পার্শ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে। যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী।  শত্রুতা করে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে ভারত। বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার  (২৩ আগস্ট)  দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক পথসভায় এসব কথা বলেন এ্যানি। এরপর তিনি বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব, তা আর কখনো দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।

সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক মানুষ পায়, সেজন্য অন্তর্বর্তী সকারের কাছে অনুরোধ করেন এ্যানি।

এ্যানি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার জন্য। এখন ত্রাণ সহায়তা করে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচলেই দেশ বাঁচবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হ্যাপি চৌধুরী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, হারুন চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন,বিএনপি নেতা শাহ্ মো. এমরান, যুবদল নেতা মো. আজাদ হোসেন  প্রমুখ নেতৃবৃন্দ।

অপরদিকে এই দাবি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে ভারত। শুধু তাই নয়, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, “বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থিত জেলাগুলিতে বর্তমান বন্যা পরিস্থিতি ত্রিপুরার গোমতী নদীর ওপর ডাম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে হয়েছে- এই দাবি বাস্তবে সঠিক নয়।

ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে, “আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েক দিনে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা প্রধানত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের জলের কারণে হয়। ডাম্বুর ড্যাম সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত। এটি বাংলাদেশ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।