নিশ্চিত মৃত্যুঝুঁকি জেনেও রাবারের ছোট নৌকায় করে ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি। মানবপাচারকারী চক্রের প্রলোভন, দারিদ্র্য ও উন্নত জীবনের আশায় এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন তারা। সর্বশেষ ২৮ মার্চ লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় গ্রিস উপকূল থেকে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে তার মধ্যে ১৮ জনই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা Frontex–এর মার্চ মাসের প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের প্রথম দুই মাসে ভূমধ্যসাগর হয়ে রাবারের নৌকায় করে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করেছেন ৩ হাজার ৩৯৫ জন অনিয়মিত অভিবাসী। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ, সোমালিয়া ও পাকিস্তানের নাগরিক।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিভিন্ন অবৈধ পথে প্রায় ১২ হাজার অভিবাসী ইউরোপে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ কম। তবে উদ্বেগজনক বিষয় হলো—এই সময়ে সমুদ্রপথে মৃত্যুর হার বেড়েছে। মাত্র দুই মাসেই ভূমধ্যসাগরে প্রায় ৬৬০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, খারাপ আবহাওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং অনিরাপদ রাবারের নৌকা ব্যবহারের কারণে দুর্ঘটনা বাড়ছে। অনেক ক্ষেত্রে মানবপাচারকারী চক্র দ্রুত লাভের আশায় নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ তুলে দেয়।
Mediterranean Sea–এর কেন্দ্রীয় অংশ দিয়ে সবচেয়ে বেশি অনিয়মিত অভিবাসী ইউরোপে প্রবেশ করেন। লিবিয়া ও তিউনিসিয়া হয়ে ইতালি ও গ্রিসে যাওয়ার এই রুট মোট অবৈধ প্রবেশের প্রায় ৩০ শতাংশ।
সম্প্রতি গ্রিস সীমান্তের একটি দ্বীপের কাছ থেকে ২১ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। একই পথে আফগান ও আলজেরিয়ার নাগরিকদেরও ইউরোপে যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে।
ফ্রন্টেক্স জানায়, পশ্চিম আফ্রিকা রুট দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত ৮৩ শতাংশ কম অভিবাসী প্রবেশ করেছে। পূর্ব-মধ্য রুটে প্রায় ৩ হাজার ৪০০ জন প্রবেশ করলেও তা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম। পশ্চিম ও পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে প্রায় ১ হাজার ২০০ জনের প্রবেশ তালিকাভুক্ত হয়েছে। এছাড়া পূর্ব বলকান স্থল সীমান্ত দিয়ে প্রবেশের সংখ্যাও কমে ১৯৬ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এলাকায় ৩ হাজারের বেশি সীমান্তরক্ষী মোতায়েন রয়েছে। সংস্থাটি সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি সমুদ্রে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধারে কাজ করছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বিদেশে উচ্চ আয়ের আশা, দেশে কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং সামাজিক চাপ অনেককে ঝুঁকিপূর্ণ পথে যেতে বাধ্য করছে। অনেক সময় মানবপাচারকারী চক্র ভুয়া আশ্বাস দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।
বিশেষজ্ঞরা বলছেন, বৈধ উপায়ে বিদেশ যাওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সরকারি প্রক্রিয়া সহজ করা হলে ঝুঁকিপূর্ণ অভিবাসন কমতে পারে।
বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি পাঠানোর জন্য অনুমোদিত এজেন্সির মাধ্যমে গেলে প্রতারণার ঝুঁকি কম।
সম্পর্কিত সরকারি সংস্থা: