জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী । বিশেষ করে ইফতার সামগ্রী তৈরির উপকরণ ছোলা, ডাল, তেল, হলুদ, মরিচ, চাল থেকে শুরু করে বেড়েছে মসলার দাম। ক্রমেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে লোকজন। উপজেলার পৌর সদরের ভেতরের বাজার, হেতিমগঞ্জ বাজার, ঢাকাদক্ষিণ বাজার, ভাদেশ্বরের মোকাম বাজার, পূর্বভাগ বাজার, মীরগঞ্জবাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, করলা ৩৫-৪০, আলু ২০-৩০, বেগুনী ৪০-৪৫, ভেন্ডি ৩০-৪০, টমেটো ৬০-৭০ টাকা ধরে বিক্রি হচ্ছে।প্রতিটি চালের বস্তা প্রতি বেড়েছে ৪শ থেকে ৭শ টাকা পর্যন্ত। সব ধরণের মাছ ও মাংসের দাম এখন ক্রেতাদের নাগালের বাহিরে। ক্রেতাদের অভিযোগ, সবজি চাল ও মাছ-মাংসের বাজারে সিন্ডিকেট তৈরী করে জিনিসপত্রের দাম বন্যার অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।দাম বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও খেটে খাওয়া লোকজন। যাদের নুন (লবণ) আনতে পান্তা ফুরায় তাদের অবস্থা এখন ওষ্টাগত।ব্যবসায়ীরা বলছেন, জিনিসপত্রের আমদানি কম হওয়ায় দাম একটু বৃদ্ধি পেয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



