আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে “নোবেল প্রাইজ প্রদান করে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে” শিরোনামে একটি লেখা লিখেছিলাম (যদিও আমার ব্যক্তিগত মতামত)। আমি বলেছিলাম- “রবীন্দ্রনাথকে কোন প্রাইজ দিয়ে পরিমাপ করা যায় না, কোন পরিমাপক নেই রবীন্দ্রনাথের, মহাসমুদ্রের পরিধি ফিতেয় মাপতে চান? এ কেমন প্রবঞ্চনা? যদি প্রাইজ দিতেই হতো ওনার জন্য একটি মাত্র, হ্যাঁ শুধু রবীন্দ্রনাথের জন্য একটি মাত্র বিশ্বখ্যাত প্রাইজ থাকা দরকার ছিল, শুধু একজন ‘মনুষ্য দেবতাই’ পাবেন সে প্রাইজ- আর তিনি হলেন স্বয়ং রবীন্দ্রনাথ। ওখানেই শুরু- ওখানেই শেষ। আর দশ জন মানুষের ভিড়ে রবীন্দ্রনাথকে আনা মোটেই ঠিক হয়নি, এতে রবীন্দ্রনাথকে অনেক খাটো করা হয়েছে।”
রবীন্দ্রপ্রেমীরা লেখাটি পড়ে যেমন খুশী হয়েছেন, রবীন্দ্রবিদ্বেষীরা হয়েছেন তার দ্বিগুণ ক্রুদ্ধ। কেউ কেউ থেকেছেন নিরপেক্ষ, কেউ কেউ জানিয়েছেন রুক্ষ প্রতিক্রিয়া। বিখ্যাত পণ্ডিত ও রবীন্দ্র গবেষক নীরদচন্দ্র চৌধুরী তাঁর “আত্মঘাতী রবীন্দ্রনাথ” বইতে লিখেছেন- “রবীন্দ্রনাথের নিন্দুকদের মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অল্পসংখ্যক ছিলেন না। যে ব্যক্তি ডিগ্রীধারী নয়, এমন কি এন্ট্রেস পরীক্ষাও পাশ করে নাই, তাঁহারা সেই ব্যক্তির বাংলা ভাষার জ্ঞান পর্যন্ত আছে তাহাও স্বীকার করিতে প্রস্তুত ছিলেন না। —— বরঞ্চ ইংরেজীতে বই লেখা (রবীন্দ্রনাথ কর্তৃক) অমার্জনীয় স্পর্ধা বলিয়াই মনে করিয়াছেন।” তিনি একটি জায়গায় তাঁকে নিয়ে (রবীন্দ্রনাথকে) লিখেছিলেন- “এতো মহান ও এত বহুমুখী প্রতিভাবান ব্যক্তির এমন দুঃসময় জীবনের কথা আমি কোনো দেশের সাহিত্যিক ইতিহাসে পড়ি নাই।” রবীন্দ্রনাথের মতো এমন মহামানবের প্রতি এমন নোংরা সমালোচনাকে তিনি “ইতরতার শেষ সীমা” বলেছেন।
আমরা জানি তাঁর সময় তো বটে পরবর্তীতে এমন অনেক ইতরদের দ্বারা তিনি আঘাত প্রাপ্ত হয়েছেন, ক্ষত-বিক্ষত হয়েছেন। পাকিস্তান আমলে তাঁকে বাতিল করা হয়েছে, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছে। তাতে কি তাঁর গৌরব এতোটুকু ক্ষুন্ন হয়েছে? বরঞ্চ শতোগুণে বেড়েছে জীবন্ত রবির আলো। অনেকে বলেন- সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের সমালোচনা করেছেন; কিন্ত রবীন্দ্রনাথের প্রতি তাঁর যে সমালোচনা তা যেন বটবৃক্ষের ছায়ায় বসে বটবৃক্ষের প্রতি অভিমান আর আক্ষেপ। তিনি বলেছেন- “রবীন্দ্র অনুসারীদের অত্যাচারে আমরা বন্ধুরা দিনের আড্ডাতে রবীন্দ্রনাথের কঠোর সমালোচক হয়ে উঠতাম, আর রাতে হয়ে উঠতাম তাঁর ভক্ত; আমরা লেখক বন্ধুরা কে কয়টি রবীন্দ্রসঙ্গীত জানি তারও প্রতিযোগিতা হতো।” প্রখ্যাত লেখক হুয়ায়ুন আজাদ বলেছেন- “রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের সূর্য।”
রবীন্দ্রনাথ হচ্ছেন পাহাড়ের পাদদেশে বসে পাহাড় দেখার মতো- যতো পাহাড়ের কাছে যাই পাহাড়ের অনুপম ব্যাপ্তি যেন বেড়েই চলে। যেন- “মধুর তোমার শেষ যে না পাই।” তাই পাহাড়ের পাদদেশে বসে পাহাড়ের বিশালতা “নিরীক্ষণ” এবং এর “অনুপম ঐশ্বর্য” অনুভব করা কতোটুকু যুক্তিযুক্ত? এবার আসি “নিরীক্ষণ” আর “ঐশ্বর্য অনুভবের” কথায়। আমরা যাঁরা রবীন্দ্রনাথ পড়ি- তাঁরা অনেকে বাঙালী বলে রবীন্দ্রনাথ পড়তে হয়, না হলে মান থাকে না- তাই পড়ি। অনেকটা রবীন্দ্রনাকে নিয়ে আমাদের বাঙালীর জন্মগত “ইগো”। এরমধ্যে অনেকে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা করি। কিন্তু একে কি রবীন্দ্র পাঠ বা রবীন্দ্র ধ্যান বলা যায়? আপনি পরীক্ষা করে কারো শরীরে ঢুকতে পারবেন ঠিক, কিন্তু তাঁর হৃদয়ের গভীরে কি প্রবেশের অধিকার পাবেন? হৃদয়ে প্রবেশ করতে হলে চাই- ভক্তি, চাই- প্রেম, চাই সমর্পণ। আমরা জানি মহাবীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ না দেখা পর্যন্ত, তিনি তাঁকে ঈশ্বর মানেননি।
স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণদেব স্পর্শ না করা পর্যন্ত বিবেকানন্দ ঈশ্বর দর্শন করতে পারেননি। এই স্পর্শ হচ্ছে বিভূতিযোগ, আত্মার সহিত আত্মার মিলন। তবে ঈশ্বরকে জানার মাধ্যম এখানে কি? উত্তর ভক্তি এবং প্রেমের উৎকর্ষ স্তর। তেমনি একজন মহামানবকে তর্ক বা পরীক্ষা-নিরীক্ষা করে জানা জায় না। তাঁকে জানতে হলে- সৃষ্টির গভীর থেকে জানতে হয়। তাঁর ধ্যান করতে হয়, আত্মার সাথে আত্মার মিলন ঘটাতে হয়, ভক্তির চরম স্তরে পৌঁছাতে হয়; তা না হলে যে জানা হয়ে থাকে তা শুধু মাত্র “জানার অহংকার”, শুধু মাত্র “গ্রন্থগত বিদ্যা”। রবীন্দ্রনাথ যিনি একাধারে কবি, লেখক, দার্শনিক, চিত্রকর, সুরকার, গীতিকার, সংগঠক, রাজনীতিক; একজন বাঙালী হিসেবে কি পরিচয় নাই তাঁর? তিনি তৎকালীন সময়ে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে সভ্য মানুষের কাছে সমাদৃত হয়েছেন, ইউরোপের প্রখ্যাত কেউ কেউ তাঁর সৌম্য বিভূতি দেখে তাঁকে যিশু খ্রীষ্টের সাথে তুলনা করেছেন। তাই রবীন্দ্রনাথকে শুধু একটি পরিচয়ে পরিচিত করানো ঠিক হবে না।
স্বয়ং নজরুল ইসলাম যাঁকে বলেছেন- “তিনি (রবীন্দ্রনাথ) গ্রহমণ্ডলীর মাঝে সৌরজগতের দেদিপ্যমান সূর্য”। তাই এসব মহাসামুদ্রিক মহামানবকে দুইশত বা হাজার বছরের গণ্ডি বা একটি নোবেল প্রাইজ দিয়ে সীমাবদ্ধ করা যায় না। এতে যদিও তাৎক্ষিকভাবে মনে হয় তাঁকে এসব প্রাইজ দিয়ে বড় করা হয়েছে- কিন্তু আর দশজনের ভিড়ে এসব মানুষকে হাটে-বাজারের দ্রব্যের মতো ওজনে দাঁড় করিয়ে এঁদের গৌরব ক্ষুন্ন করা হয়। সুতরাং রবীন্দ্রনাথ এবং এমন মহামানবকে “অনুভব” করতে হলে কোনো পরিমাপের দরকার নেই, কোনো বাটখারা বা ব্যারোমিটার প্রয়োজন নেই; চাই আত্মার বিভূতিযোগ, ভক্তির নৈবেদ্য, হৃদয়ের ব্যাকুলতা এবং আত্মসমর্পণ।
-লেখক: ভীষ্মদেব বাড়ৈ কবি, ব্যাংকার ও সমাজকর্মী