দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুর নাজমুল ইসলাম নামে এক প্রতিবন্ধী রিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকরা মামলায় হাসান আলী নামে এক পুলিশ কনস্টেবলকে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার রংপুর নগরীর তাজহাট থানা আমলি আদালতের বিচারক আল মেহবুব উক্ত পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার মুস্তফি এলাকার রিক্সাচালক নাজমুল ইসলাম রংপুর নগরীর আশরতপুর ঈদগাহপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। পায়ের সমস্যা থাকায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ সদস্য হাসান আলীর ব্যক্তিগত একটি ব্যাটারিচালিত রিক্সা ভাড়ায় চালাতেন নাজমুল। গত ২২ ডিসেম্বর মঙ্গলবার ওই রিক্সা নিয়ে বিরোধ শুরু হলে নাজমুলকে বেধরক মারধর শুরু করে কনস্টেবল হাসান আলী।
এক পর্যায়ে অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে নাজমুলকে নগরীর কোর্টপাড়ার বসবাসরত ভাড়া বাড়িতে নিয়ে যান হাসান। পরদিন বুধবার হাসানের বসবাসরত উক্ত ভাড়া বাড়িতে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও অবরুদ্ধ করে এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘরের দরজা ভেঙ্গে নাজমুলের মরদেহ উদ্ধার করে এবং হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ নাজমুলকে পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার খবর প্রচার করেছে হাসান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ঝুলন্ত অবস্থায় নাজমুলের মরদেহ ঘরের ভেঙ্গে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুলের স্ত্রী শ্যামলী বেগমের দায়েরকরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার মামলা নথিভুক্ত করা হয়। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা নথিভুক্ত করা হবে।
গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার অভিযুক্ত হাসান আলীকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। ওইদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন।
বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই সাথে হাসানের স্ত্রী সাথী বেগমে দুই কার্যদিবসে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। কোর্ট পরিদর্শক নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।




