দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে ৮/১০ জন মিলে এক যুবককে পেটানোর একটি ছবি ফেইসবুকে ভাইরাল হলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে। আহত যুবককে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
এ ঘটনায় ছবি দেখে সনাক্ত করে তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রংপুর মেট্রোপলিটন (আরপিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় আহত যুবক রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকার আব্দুল আলীমের ছেলে ফরহাদ (২৮) বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রেসক্লাব এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিকটাত্মীয় এক মেয়েসহ বাসায় ফিরছিলেন ফরহাদ। পথে প্রেসক্লাব সংলগ্ন একটি মুদ্রন ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারী ফরহাদের সাথে থাকা মেয়েটিকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে ফরহাদের সাথে উত্ত্যক্তকারী ওই দুই কর্মচারীর হাতাহাতি হয়। এক পর্যায়ে উক্ত দুই কর্মচারীর পক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের আরো ৮/১০ জন কর্মচারী লাঠি, রড, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে প্রেসক্লাবের সামনের সড়কে গণহারে পেটায় ফরহাদকে।
এসময় প্রেসক্লাব থেকে স্থানীয় এক ফটোসাংবাদিক প্রকাশ্য দিবালোকে যুবককে পেটানোর ছবি তুলে ফেসবুকে ছাড়লে ঘন্টার ব্যবধানে তা ভাইরাল হয়ে যায়। এনিয়ে দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হলে নড়েচড়ে বসে প্রশাসন। ওই দিনই সন্ধ্যার পর ছবি দেখে শনাক্ত করে প্রেসক্লাব এলাকা থেকে ৩ যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে আরপিএমপি কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ শুক্রবার সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। তাই নির্দিষ্ট আইন মোতাবেক আটককৃতদের আদালতে পাঠানো হবে।




