শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামে আড়াই একর জমি লিজ নিয়ে বিদেশি এক উন্নত প্রজাতের ঘাস চাষ শুরু করেন জাপানি নাগরিক হোসি কোনিও। যেটি অনেকটা ভুট্টাগাছের মতো দেখতে বিশেষ এক ধরনের উদ্ভিদ। বিজ্ঞানীরা যার নাম দিয়েছে ‘কোল গ্রাস’।
কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি একটি শিল্প শস্য, যা বায়োগ্যাসের জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। তবে এ প্রজাতের ঘাস মাটির উর্বরতা বাড়ায় বলে জানিয়েছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। কিন্তু তার উৎপাদিত ঘাসের প্রজেক্টটি গো-খাদ্যের জন্য ছিল না । এই জাতীয় ঘাসের উৎপাদন বাংলাদেশে এই প্রথম বলে জানিয়েছেন কৃষিবিদরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কোল গ্রাস নামে এ জাতীয় ঘাস শিল্প জ্বালানি তেল এবং উন্নতমানের জ্বালানি কাঠ তৈরি করা সম্ভব। এছাড়া এ ঘাস থেকে মান সম্মত চিনি, মানুষের খাওয়ার উপযুক্ত উচ্চপুষ্টিসম্পন্ন খাদ্য উৎপাদন ও সিমেন্ট তৈরির কাঁচামাল জোগান দেওয়া সম্ভব।
এদিকে, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডা. সহিদুল জানান, গো-খাদ্যের উপযোগী নয় বিধায় জাপানি নাগরিক কোনিও তার দপ্তর থেকে এ খামারের জন্য কোনো অনুমতি কিংবা পরামর্শ নেয়নি। এদিকে, ঘাসের নমুনা সংগ্রহ করে ঢাকাস্থ প্রণিসম্পদ গবেষণাকেন্দ্রে পাঠানোর পর এ প্রজাতের ঘাসের সঠিক নাম খুজে পেয়েছে কৃষি বিশেষজ্ঞরা। ভুট্ট্রোর গাছের মতো দেখতে এ উদ্ভিদের নাম কোল গ্রাস বলে জানিয়েছে কৃষি বিভাগ। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোলায়মান ফকির বলেন, এই প্রজাতের বিদেশি ঘাস সম্পর্কে আমরা তেমন কিছুই জানিনা, তবে গবেষণার পর আমরা কিছুটা পরিচিত হয়েছি। এ জাতীয় ঘাসের উৎপাদন আমাদের দেশে প্রথম। তবে অনেকটা লাভজনক হওয়ায় নিজ দেশ থেকে এ ধরনের ফসল কম খরচে গবেষণার জন্য বাংলাদেশে পরিক্ষামূলক আবাদ শুরু করেছিল কোনিও।
উল্লেখ্য, এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন জাপানি নাগরিক হোসি কোনিও । ২০১৪ সালের নভেম্বরে রংপুরের আলুটারী গ্রামের শাহ আলমের আড়াই একর জমি লিজ নেন তিনি। স্থানীয় কৃষি-মজুরদের সহায়তা নিয়ে নিজ দেশ থেকে আনা বীজ বপন করে অনেকটা সফল হয়েছিল কোনিও।