খুলনা প্রতিনিধি: বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। যেকোনো মূল্যে জঙ্গি নির্মূল করা হবে। জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ খুলনার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে খুলনা জেলার ইমাম ও আলেম ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আজ বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব-উল আলম হানিফ বলেন, জঙ্গিদের পেছনে করা আছে এবং কারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করা হবে। যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায় তারা দেশ ও সমাজের শত্রু। এদের কোনো ছাড় দেওয়া হবে না। সবাই আজ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
‘৭১-এর পরাজিত শত্রুরা আবার যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলাম সবসময় শান্তির কথা বলে। ইসলাম নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। ইসলামের শান্তির বার্তাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের এগিয়ে আসতে হবে, কারণ ইমামরা হলো সমাজের নেতা।
তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের সোচ্চার হতে হবে। কেউ যেন কোনো ধর্মকে বিতর্কিত করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মুহাম্মদ মিজানুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম, র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।