ইরানের বন্দর আব্বাসে একের পর এক বিস্ফোরণের ঘটনার পর পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও এর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ইরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখার চেষ্টা করছিল আইআরজিসি। এ ঘটনায় ‘আত্মরক্ষার স্বার্থে’ তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। মার্কিন বাহিনীর হামলায় আইআরজিসির কয়েকটি নৌযান এবং দক্ষিণ ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, হরমুজ প্রণালীতে মাইন পাতা শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক নৌ চলাচল ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। সে কারণেই সীমিত পরিসরে প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়েছে। তার দাবি, যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম বজায় রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার সময় দক্ষিণ ইরানের কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে সারফেস-টু-এয়ার মিসাইল হামলার মাধ্যমে সেসব অবস্থান নিষ্ক্রিয় করা হয়।
এদিকে বন্দর আব্বাস ছাড়াও ওমান উপসাগরসংলগ্ন সিরিক ও জাস্ক শহরে বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যম। তবে এসব বিস্ফোরণের পেছনে নাশকতা বা হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি তেহরান।
ঘটনাগুলোর পর নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান—কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধের ঘোষণা দেয়নি। তবে চলমান শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পরিবেশের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলি পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।