স্টাফ রিপোর্টার, যশোর : গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরো ২২৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনজন করোনা রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫জন।
যশোরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। শনাক্তের হার ৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৫০ শতাংশে উন্নীত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ১১৯জন এবং র্যাপিড টেস্টে ১০৭জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৫ জন।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি ১৫জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০জন রোগী। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে একজন রেডজোনে এবং অপর দুইজন আইসিইউতে ভর্তি ছিলেন। আইসিইউতে ভর্তি দুইজনের করোনার পজেটিভ রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।