মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দী থেকে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী সহ মিজানুর রহমান (৩৫) নামের একজন চোরকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ রোববার ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পণ্যসহ তাকে আটক করা হয়। সে বামুন্দী নিশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, বামুন্দীর নিশিপুর গ্রামের দারোগা পাড়ায় মিজানুর রহমানের নিজ বাড়িতে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী রাখা আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার ( সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন, এস.আই জালালউদ্দিনসহ গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
ওই অভিযানে চোরাকারবারী মিজানুর রহমানের বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ ভারতীয় প্যান্ট পীচ, থ্রী পীচ,গেঞ্জি, ইমিটেশনের গহনাসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাই পণ্য রাখার দায়ে মিজানুরকে আটক করা হয়। পুলিশ সুপার হামিদুল আলম আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকার মত হবে।