মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানব পাচার বিরোধী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানব পাচার প্রতিরোধ ও পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে গতকাল বুধবার সকালে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর ডিরেক্টরি তৈরীকল্পে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার কার্যক্রম তুলে ধরেন আয়োজক সংস্থার পরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান, সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, আরিফ হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ। সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশের অন্যতম আয়ের খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। কিন্তু অনেক ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা অশুভ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। তিনি আরো বলেন, ভয়ানক ব্যাপার হচ্ছে- মানুষকে আজ পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। বুঝে-শুনে সঠিক মাধ্যম দিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে সুষ্ট পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি।