স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ সম্পর্কিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে।
শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের অপর সদস্যরা হচ্ছেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
১৯ জুলাই অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নিতে গত ১৬ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
তবে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কারণে হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিতে পারেননি তিনি। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয় বলে জানা গেছে।
লন্ডন বিএনপির একটি সূত্র জানায়, হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনার আগে ও পরে বিএনপির মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থা ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারেক রহমান। এ ছাড়া লন্ডনে পৌঁছানোর পর বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের ডিনারও করান তারেক।