মাগুরা প্রতিনিধি: শহরের ভায়না এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহি বাস উল্টে রকিবুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত অপর ১০ জন আহত হয়েছেন। রকিব মহম্মদপুরের ওমেদপুর গ্রামের রহমান মোল্যার ছেলে ও যশোরে মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিল। বাসটি একজন হেলপার চালাচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান,সকালে রাকিবুল লোকাল একটি বাসে ( নং-ঢাকা মেট্রো চ-৭২৯৬) মাগুরা থেকে যশোরে কর্মস্থলে যাচ্ছিলেন। বাসটি ভায়না এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্র্তী খাদে পড়ে যায়। এসময় রকিবুল ঘটনাস্থলে নিহত ও অন্তত ১০ জন আহত হয়। বাসটি আটক করা হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে মাহমুদুর রহমানসহ ওই বাসের কয়েকেজন যাত্রী জানান, বাসটি অল্প বয়েসী এক যুবক চালাচ্ছিল ও এটির গতি ছিল বেপরোয়া। বাসটি উল্টে যাচ্ছে দেখেই সে নিয়ন্ত্রণের চেষ্টা না করে তার ডান পাশের জানালা দিয়ে লাফ মেরে পালিয়ে যায়। সে হেলপার বলে তাদের ধারনা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা বলেন,‘ এটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে’।