ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। কারণ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। ভূমি ব্যবস্থাপনাকে কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য সহকারী কমিশনারদের (ভূমি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নীতি নৈতিকতা ও সততার সাথে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে জনসেবার মানসিকতা নিয়ে নির্ধারিত সময়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ভূমি নিয়ে সমস্যা ও অভিযোগ দুইটিই বেশি। আইন ও ন্যায্যতার ভিত্তিতে এসব সমস্যা সমাধান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)।
পাঁচ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ১০০ জন সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন। কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।