ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আগামী অক্টোবর থেকে সেনাশাসন জারি করা হয়েছে। জঙ্গিবাদ রুখতে ভারতের বিভিন্ন অঞ্চলে যে বিশেষ আইন প্রয়োগ করা হয়, সেই আফস্পা আইন (সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন—এএফএসপিএ) ১ অক্টোবর থেকে আদিবাসী অঞ্চলে জারি করা হবে। তবে এই আইন জারি করা হবে না বলে ‘অব্যাহত রাখা হবে’ বলাই সংগত। কারণ, মণিপুরে আইনটি দীর্ঘদিন ধরে বলবৎ রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির ‘উল্লেখযোগ্য উন্নতির’ কারণে ২০২২ সাল থেকে আফস্পা ধীরে ধীরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই অধ্যুষিত উপত্যকার জেলাগুলো থেকে প্রত্যাহার করে শুধু আদিবাসী অঞ্চলে বলবৎ রাখা হয়। সেনাবাহিনী সরকারের কাছে এক প্রস্তাবে বলেছিল, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আফস্পা গোটা মণিপুরে জারি করা প্রয়োজন। কিন্তু মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর সেই প্রস্তাবে কান না দিয়ে শুধু আদিবাসী অঞ্চলেই আফস্পা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপি শাসিত মণিপুর রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য জুড়ে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার কারণে, গোটা রাজ্যকে ‘উপদ্রুত এলাকা’ হিসেবে ঘোষণা করে সামরিক আইন জারি করেছে দেশটির সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টে’র (আফস্পা আইন) অধীনে ১৯টি থানা এলাকা ব্যতীত, গোটা রাজ্যেই অশান্ত অঞ্চল বলে ঘোষণা দেওয়া হলো। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজ্য পুলিশের ক্ষমতার কথা মাথায় রেখে আগামী ছয় মাসের জন্য রাজ্যকে ‘উপদ্রুত এলাকা’ বলে ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর থেকে রাজ্যে বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ রুখতে অসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হবে।
বিশ্লেষকদের মতে, এই নির্দেশিকার অর্থ মণিপুরের সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকার এটা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিলেন, মণিপুরে সহিংসতা কুকি-চিন-জোমি প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের কারণেই ছড়াচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেইদের এই সংঘর্ষে কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বসবাস করে, এমন অঞ্চল স্থিতিশীল রয়েছে বলেই মনে করছেন সরকার। যদিও ভারতের সেনাবাহিনী চেয়েছিল, গোটা মণিপুরেই আফস্পা জারি করা হোক।
সহিংসতা কবলিত মণিপুর ধীরে ধীরে শান্ত হওয়ায়, প্রায় পাঁচ মাস পর গত শনিবার দুপুরে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। এর পরই গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে মেইতি সম্প্রদায়ের ২ শিক্ষার্থীর মরদেহের ছবি ভাইরাল হতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। ১৭ বছর বয়সী হিজাম লিন্থোইনগাম্বি এবং ২০ বছর বয়সী ফিজাম হেমজিত নামে ওই দুই শিক্ষার্থী গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল।
ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে প্রবল বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পরিস্থিতি সামলাতে নামাতে হয় ‘র্যাপিড অ্যাকশন ফোর্স’। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৪৫ জন। নতুন করে অশান্তির আশঙ্কায় বুধবার ও শুক্রবার রাজ্যের স্কুলগুলোতে ছুটি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মঙ্গলবারই নতুন করে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, মূলত সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করেই গত ৩ মে অশান্তির সূত্রপাত মণিপুরে। সেই থেকেই কত ৫ মাসের বেশি সময় ধরে বিক্ষিপ্তভাবে সহিংসতা চলে আসছে এই রাজ্যটিতে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতিরা ‘তপসিলি উপজাতি’ (এসটি) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়ে আসছে। তাতে সরকারের তরফে সিলমোহরও পরে। হাইকোর্টের নির্দেশে মেইতি সম্প্রদায়কে ‘তফসিলি উপজাতি’ (এসটি) মর্যাদা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশও দেয়। তারই প্রতিবাদে গত ৩ মে রাজ্যটির পার্বত্য জেলাগুলোতে ‘উপজাতি সংহতি মার্চ’ সংগঠিত হওয়ার পর ওইদিনই চূড়াচন্দ্রপুর টাউনে প্রথম জাতিগত সহিংসতা শুরু হয়। এরপর থেকেই গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে মণিপুরে সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে নারীদের ওপর অত্যাচার, বিবস্ত্র করে ঘোরানো, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, বোমা, গুলির ঘটনা ঘটছে। মণিপুরের সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় ৩ হাজার মানুষ।
মণিপুর সরকার এই নির্দেশিকায় এমন একটি মন্তব্য করেছে, যা ‘রীতিমতো অবিশ্বাস্য’ বলে মনে করছে আদিবাসী সম্প্রদায়ের দুটি প্রধান সংগঠনের একটি, আদিবাসী ঐক্য কমিটি। নির্দেশিকার দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাজ্য সরকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণের পর মনে করছে, সহযোগী নিরাপত্তা এজেন্সিগুলো মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত থাকায় (পরিস্থিতির) বিশদ মূল্যায়ন এখনই সম্ভব নয়। আরও বিশদ মূল্যায়ন ছাড়া এই জাতীয় স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। তাই এই মুহূর্তে রাজ্যের ‘অস্থিতিশীল এলাকা’–সম্পর্কিত অবস্থা পর্যালোচনা করা যাচ্ছে না।’ স্বাভাবিকভাবেই এই নির্দেশ মেনে নিতে পারছে না ঐক্য কমিটি।
আদিবাসী ঐক্য কমিটি মনে করছে, উপত্যকার ১৯টি থানা এলাকা ‘অশান্ত এলাকা’ হিসেবে সংজ্ঞায়িত না হওয়ার কারণেই অতীতে সহিংসতা ছড়িয়েছে এবং ভবিষ্যতেও ছড়াবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ঐক্য কমিটি এক লিখিত বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত ‘জাতিগত নির্মূলের জন্য ক্ষেত্র প্রস্তুত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা।’
ঐক্য কমিটি অভিযোগ করেছে, উপত্যকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু সংগঠন কুকি-জো সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। সন্ত্রাসবাদীরা সামরিক বাহিনীর পোশাকে আইনের সুযোগ নিয়ে এই কাজ করছে। সরকারি নিরাপত্তা বাহিনী বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও আফস্পা শুধু আদিবাসী অঞ্চলে অব্যাহত থাকছে। ফলে যে অঞ্চলে আদিবাসী মানুষ থাকেন না, সেখানে সহিংসতা রোধে নিরাপত্তা বাহিনী আরও অসহায় হয়ে পড়বে। রাজ্যের সব অঞ্চলে আফস্পা জারি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে ঐক্য কমিটি। ভবিষ্যতে মণিপুর আরও অশান্ত হবে বলেই মনে করছে আদিবাসী ঐক্য কমিটি।