ভারতের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

ভারতের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পাশকৃত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫-এর প্রতি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ৫ এপ্রিল শনিবার  এক বিবৃতিতে তাঁরা বলেন, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে এক নেক্কারজনক হস্তক্ষেপ। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের (মূলত হিন্দুদের) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে কোনটা হবে না সরকারকে তা নির্ধারণের কর্তৃত্ব দেওয়া হয়েছে। অথচ ওয়াকফকৃত সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলমানগণ।

নেতৃদ্বয় বলেন, মুসলমানরাই হলো ভারতের নির্মাতা। ৩০ কোটির বেশি মুসলিমের এই ভারতে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। প্রায় ৯ লাখ স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ১০ লাখ একর। এসব সম্পদের দাম প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার ( যার বাংলাদেশি মুল্য ) ।   শহর ও নগর এলাকায় ওয়াকফ বোর্ড হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জমির মালিক প্রতিষ্ঠান। আর সব মিলিয়ে হিসাব করলে ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক হচ্ছে মুসলমানদের এই প্রতিষ্ঠান। হিন্দুত্ববাদী উগ্র-বিজেপি এই সম্পত্তির প্রতি আজন্ম লোভ লালন করে আসছে। এরা বিভিন্ন হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য ওয়াকফকৃত মুসলিম সম্পত্তি জবরদখল ও অবৈধ অধিগ্রহণ করতে চাইছে।

বিবৃতিতে তারা আরো বলেন, ওয়াকফ সম্পত্তি কেবল জমি আর স্থাপনা নয় এটি মুসলিম সমাজের ধর্মীয় বিশ্বাস। এই সম্পদ শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদ, মাদরাসা, খানকা ও গরিব-দুঃখীদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। পাশকৃত সংশোধনী এই সম্পদের ব্যবস্থাপনায় হিন্দুত্ববাদী ভারতীয় সরকারকে আইনি ক্ষমতা প্রদান করে, যা সংবিধানের সংখ্যালঘু মুসলিম অধিকারের পরিপন্থী।

তাঁরা সাবধান বানী দিয়ে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি; মুসলিম বিদ্বেষী বিজেপি কর্তৃক ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরেকটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই বিল ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি অবিচার এবং সামাজিক ঐক্যের পরিপন্থী। এই বিলের উদ্দেশ্যই হচ্ছে ওয়াকফ আইনকে দুর্বল করে দেওয়া এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংসের পথ প্রশস্ত করা। এর মাধ্যমে মুসলমানদের মর্যাদাহানি করবে ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবে। ভারত সরকারকে অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল করতে হবে। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুসলমানদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত আরোপ করা চলবে না।

বিবৃতিতে তাঁরা বিশ্বের সকল ইসলামী শক্তি, মানবাধিকার সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের এই বিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,  ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এ আইনে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছে।

তিনি আরও বলেন, ভারতের জনসংখ্যার ১৪ শতাংশ অর্থাৎ প্রায় ২০ কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় ১০ লাখ একর সম্পত্তির মধ্যে অধিকাংশই ব্যবহৃত হয় মসজিদ, মাদরাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস মুসলিম জনগোষ্ঠীকে আরো ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ওয়াকফ বিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর পরিপন্থী। ভারতের মুসলমানদের নিঃস্ব করে তাদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই এই বিল পাস করা হয়েছে। ভারতের লোকসভায় পাস হওয়া বিল মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এ বিল নতুন করে সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী ভারতকে মুসলিমশূন্য করার নীলনকশায় মেতে উঠেছে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থে চরমভাবে আঘাত করা হয়েছে। মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার। নতুন করে দাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যার জন্য, ব্যাপক বিরোধিতা সত্ত্বেও বিলটি পাস করেছে বিজেপি সরকার।

একই সঙ্গে এই বিল পাসের সিদ্ধান্তের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে আইনটি বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারতের ওয়াকফ বোর্ডগুলোর অধীনে ৯ লাখ ৪০ হাজার একর জমি রয়েছে। এসবের যথাযথ কাগজপত্র খুঁজে পাওয়া এখন দুষ্কর। কোন কোন সম্পত্তি মৌখিকভাবেই আল্লাহর জন্য ওয়াকফ করা হয়েছিল। এই সংশোধনী বিলে এসব সম্পত্তি হাত ছাড়া হওয়ার আশঙ্কা করছে মুসলিমরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।