মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ চিত্ত ঘোষ (২২)ও শিমুল মালেক(২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।
বৃহস্পতিবার ভোরে বেনাপোল বড় আঁচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে। শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড় আচঁড়া সীমান্তে অপেক্ষা করছে।
এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুল কে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় ।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




