বগুড়ায় মালামাল লুট করতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা ॥ কিশোর গ্রেফতার

বগুড়ায় মালামাল লুট করতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা ॥ কিশোর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:  বগুড়ায় ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গলায় ফাঁস লাগিয়ে শামসুন নাহার (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ওই বৃদ্ধাকে হত্যার পর বাড়ির মালামাল লুট করে পালানোকালে তাইরান নেওয়াজ (১৬) নামে এক কিশোরকে আটক করে এলাকাবাসী। তবে সহযোগী কিশোর সাঈদ পালিয়ে গেছে।

২৪ আগস্ট সোমবার বিকালে বগুড়া শহরের মধ্য ধাওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে সদর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শহরের মধ্য ধাওয়াপাড়ায় মৃত গোলাম মোস্তফার স্ত্রী শামসুন নাহার তার ছেলে সোহেল রানা (৪৫) ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বসবাস করতেন। সোহেল রানার স্ত্রী সন্তানকে নিয়ে ঈদের পর বাপের বাড়ি বেড়াতে যান। গত সোমবার সকালে প্রতিদিনের শহরের ঠনঠনিয়া এলাকার অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে যান সোহেল রানা। বৃদ্ধা শামসুন নাহার বাড়িতে একাই থাকাকালীন অবস্থায় ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশী সাঈদ (১৬) ও রফিকুল ইসলামের ছেলে তাইরান নেওয়াজ (১৬) বৃদ্ধার বাড়িতে ঢোকে। এরপর তারা শামসুন নাহার নামের ওই বৃদ্ধা নানী-দাদি ডেকে ঘুমের ট্যাবলেট মিশ্রিত ডাব খেতে দেয়। এতে তিনি ডাবের পানি খেয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় দুই কিশোর বাড়িতে থাকা গহনা ও মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকে।

এদিকে বিকালে ছেলে সোহেল রানা অফিস থেকে ফিরে দরজায় নক করতে থাকেন। তখন ওই দুই কিশোর বৃদ্ধাকে গলায় গামছার ফাঁস দিয়ে হত্যা করে বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা তাইরান নেওয়াজকে আটক করলেও সাঈদ পালিয়ে যায়। অভিযুক্ত কিশোর সাঈদ জিলা স্কুলের নবমশ্রেণীর ছাত্র ও তাইরান নেওয়াজ স্থানীয় উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নেওয়াজকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলার দায়ের হয়েছে এবং কিশোর সাঈদকে গ্রেফতারে অভিযান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।