আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার বুরুন্ডিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ তে দাঁড়িয়েছে। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত মে মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর এটাই ছিল সবচেয়ে বড় হতাহতের সংখ্যা।
শুক্রবার রাজধানী বুজুমবুরায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা সাত বলে জানানো হয়েছিল।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গ্যাসপারড বারাতুজা জানিয়েছেন, ওই দিন তিনটি ব্যারাকে বন্দুকধারীরা একসঙ্গে হামলা চালিয়েছিল। এতে পুরো শহরেই সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৭৯ হামলাকারী নিহত হয়েছে ও ৪৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া হামলায় চার পুলিশ সদস্য ও চার সেনাসদস্য নিহত হয়েছে।
মুখপাত্র আরো জানান, শুক্রবার রাতে শহরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শনিবার রাজধানী ছিল শান্ত।
গত এপ্রিলে প্রেসিডেন্ট এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে বুরুন্ডিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এ অবস্থায় মে মাসে এক সেনা কর্মকর্তা অভ্যুত্থানের চেষ্টা করলে তা ব্যর্থ হয়। জুলাইয়ে এক বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন এনকুরুনজিজা।