জয় কান্ত রায়: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামের দিনমজুর হলধর চন্দ্র রায়ের মেয়ে পলি রানী রায়। ২০১৭ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫৫ পেয়ে এসএসসি ২০১৯ সালে জিপিএ ৪.৫৮ পেয়ে এইচএসসি পাশ করে পলি। দারিদ্রতার জন্য ভর্তি হতে না পারা পলির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দায়িত্ব নিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যলায়ে ১০ হাজার টাকার চেকসহ নগদ ৩ হাজার টাকা প্রদান করেন মো. আবু জাফর।
দুই ভাই বোনের মধ্যে পলি বড় । ছোট ভাই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। অর্থের অভাবে পলি ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকে উপজেলা সদরের আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে। থেকে লেখাপড়া চালিয়ে আসছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিনমজুর বাবার পক্ষের অর্থের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। সারাদিন স্থানীয় একটি কোল্ড স্টোরেজে ট্রাকের মালামাল আনলোড করার কাজ করেন পলির বাবা হলধর রায়। প্রতিদিন ২ থেকে ৩শ’ টাকার আয় দিয়ে চলে তাদের সংসার। জমাজমি বলতে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। পলির মা জয়ন্তী রাণীরও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। মাঝে মাঝে মাঠে শ্রমিকের কাজও করেন।
জানা গেছে, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এ ইউনিটে ৫২৭তম স্থান লাভ করেন পলি । এমতাবস্থায় লালমনিরহাট জেলা প্রশাসকের সহায়তায় তার ভর্তির সুযোগ হয়।