পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে বিএনপির সঙ্গে দ্বিতীয় বারের মতো আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন ।
আজ রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল।
বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রস্তাবনা নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
এরও আগে গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।