বিশেষ প্রতিবেদকঃ ছাত্রদল নেতারা মাদকাসক্ত কিনা সেজন্য তাদের মূত্র পরীক্ষা করছে শুনলাম। এটি ভালো কথা। তবে বিএনপি নেতাদেরও এ পরীক্ষা করা উচিত।’ বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গজননী আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘মাদকাসক্ত কিনা শনাক্ত করতে শুধু শুধু ছাত্রদল নয় তারেক রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতাদেরও এ পরীক্ষা চালু রাখা উচিত। কারণ তারা দিনের বেলাতেও নেশা করে বেতাল অবস্থায় জনসম্মুখে আসেন। আর তাদের বেতাল রাজনীতিই যার প্রমাণ।’
আপিল বিভাগের রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ে সামরিক শাসনের কালো আইনের কথাও বলা হয়েছে। এত খুশি হওয়ার কিছু নেই, ওই আইনে আপনারা নিজেরাই ফেঁসে যেতে পারেন। ’
হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল হাইকোর্টের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেছেন। তার মনে রাখা দরকার- এই রায়ে সামরিক শাসনের কালো আইনের কথাও বলা আছে, যেটি জিয়াউর রহমান করেছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার কথা স্মরণ করে তিনি বলেন, বিশ্বের অনেক মহীয়সী নারী আছেন যারা নিভৃতচারী, নীরবে অনেক মহৎ কাজ করে যান। তাদের মধ্যেই অন্যতম ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পাশাপাশি তিনি রত্নগর্ভার খাতায়ও নাম লিখিয়েছেন।




