বিশ্ব বাবা দিবস উপলক্ষে যশোরে বাবাদের সম্মাননা প্রদান

বিশ্ব বাবা দিবস উপলক্ষে যশোরে বাবাদের সম্মাননা প্রদান

যশোর প্রতিনিধি: ‘আজি শুভ দিনে পিতার ভূবনে অমৃত সদনে চলো যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের আয়োজনে আজ বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজন করা সম্মাননা অনুষ্ঠানের। আয়োজক কমিটির আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমীন।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শ্রমজীবী ৫ বাবাকে সম্মাননা জানানো হয়। যারা তাদের স্বল্প আয়ের মধ্য দিয়ে একাধিক সন্তানকে শিক্ষিত করে তুলেছেন এবং চিকিৎসক, শিক্ষকসহ নানা পেশায় অধিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেশমা শারমিন বলেন, বাবা-মাকে দিবসে স্মরণ করার বিষয় নয়। তাদের সারাবছরই খেয়াল রাখতে হবে। তবে বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেকে বাবা-মার কাছে ভালোমন্দ জীজ্ঞেস করাটাই ভুলে গেছেন অনেকে। এ করোনাকালে সে অবক্ষয় যে আরো গভীর হয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমরা দেখছি করোনা আক্রান্তের কারণে সন্তানরা বাবা-মাকে রাস্তায়-বাগারে ফেলে যাচ্ছে। অথচ এ সময় তাদের নিবিড় পরিচর্যার দরকার ছিল। এমন অবস্থা যদি সন্তানের হতো তবে কোন বাবা-মাকে তাকে ফেলে দিতো না। সন্তানদেরও সেই অনুভূতি থাকতে হবে। এমন সময়ে বাবা দিবস পালন ও বাবার অবদান সন্তানদের স্মরণ করিয়ে দেয়া একটি ভালো উদ্যোগ। এমন অনুষ্ঠানে বাবাদের সম্মাননা জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বাবারা জানান, বিনা স্বার্থে সন্তানদের লালন-পালন করেছেন। বাবা হিসেবে এমন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন। একইসাথে সকল বাবা-মাকে তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে আহবান জানিয়েছেন তারা।

আয়োজক কমিটির সদস্য সচিব প্রণব কুমার দাস বলেন, করোনাকালে বিধিনিষেধ থাকলেও সন্তানদের প্রতি পিতা-মাতার যে অবদান তা স্মরণ করিয়ে দিতে ছোট পরিসরে এ সম্মাননার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যশা সন্তানরা পিতা-মাতাকে আমৃত্যু আগলে রাখবে যেমন তারা শিশুকালে আমাদের আগলে রেখেছেন। তারা সন্তানের জন্য এমন এক ভালোবাসার ব্যাংক ছিলেন। যেখানে সুদ বিহীন নিখাদ ভালোবাসা পেয়েছেন সন্তানরা।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মাহামুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, সাংস্কৃতিক নেতা অধ্যাপক সুকুমার দাস, দিপংকর দাস রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর সম্মাননা প্রাপ্ত বাবারা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঝাল-মুড়ি বিক্রেতা স্বপন শেখ, বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকার স্বর্ণ কারিগর বিষ্ণু দাস, বেজপাড়া বনানী রোডের ফল বিক্রেতা অজিত কুমার পালন, রেলগেট পশ্চিমপাড়ার সফিকু ভুইঁয়া এবং সদর উপজেলার দাইতলা গ্রামের নছিমন চালক কবির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।