বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত

বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত
বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে আমেরিকার রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং ফটোসেশনে অংশ নেন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সফরকে কেন্দ্র করে জিরোপয়েন্ট এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা, পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক বৈচিত্র্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত এ সফর করছেন।

জিরোপয়েন্ট পরিদর্শন শেষে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। সেখানে হাসপাতালের স্বাস্থ্যসেবা ও অবকাঠামো পর্যবেক্ষণ করবেন তিনি। পরে পঞ্চগড় সার্কিট হাউসে সুধী সমাবেশে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিকেলে পঞ্চগড়ের রকস মিউজিয়াম বা পাথরের জাদুঘর এবং গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে ঠাকুরগাঁওয়ের ইএসডিও গেস্ট হাউসে অবস্থান করবেন মার্কিন রাষ্ট্রদূত।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন ডেইরি দুগ্ধ খামার পরিদর্শন করেন। সেখানে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী ঘানিও ঘুরে দেখেন তিনি।

এরপর তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে উপজেলার বিভিন্ন পর্যটন স্পট ও ঐতিহাসিক ডাকবাংলো পরিদর্শন করেন।

সফরের পরবর্তী কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামের ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ, দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনের কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।