× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ডেস্ক

বাংলাদেশ, নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের জন্য সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান

বাংলাদেশ, নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সের জন্য সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) বাংলাদেশে সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ঢাকায় নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ইন্দিরা রানা।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের আলাদা হওয়ার চেয়ে একসঙ্গে আরও বেশি অর্জন করার আছে। একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস অভিন্ন অবকাঠামো ও জ্বালানি উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতা। ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য গত অক্টোবরে স্বাক্ষরিত বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথা উল্লেখ করে উভয় পক্ষই বৃহত্তর আকারে জলবিদ্যুৎ উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেয়।

প্রধান উপদেষ্টা এ অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘রংপুরে আমাদের আসন্ন এক হাজার শয্যার হাসপাতালটি নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি।’

ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বিভিন্ন সেক্টরে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে নেপালের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘আমাদের সব সংসদ সদস্যই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং মানুষে-মানুষে সংযোগ জোরদারে গুরুত্ব দিচ্ছি।’

ডেপুটি স্পিকার বাংলাদেশে নেপালি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে বলেন, ‘বর্তমানে ২ হাজার ৭০০ জনেরও বেশি নেপালি শিক্ষার্থী বাংলাদেশি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে মেডিক্যাল কলেজে পড়াশোনা করছে।’ তিনি শিক্ষার মানের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আরও শিক্ষা বিনিময় ও একাডেমিক সহযোগিতার আহ্বান জানান।

উভয় পক্ষ ভৌত যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা করে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নত করা বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এই অঞ্চলজুড়ে মানুষ ও পণ্য চলাচল সহজ করবে।’

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন– প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।


এ ক্যটাগরির আরো খবর..