বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

‘বঙ্গবন্ধু নদীপদক’ নদী রক্ষা কার্যক্রমকে গতিশীল করবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) : নদী রক্ষায় বর্তমান সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার নদী রক্ষায় দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। তিনি বলেন, প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান নদী রক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করবে।

            প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু নদীপদক প্রদান জাতীয় মনোনয়ন কমিটির উপদেষ্টা আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু নদীপদক প্রদানের জন্য জাতীয় মনোনয়ন কমিটির এক সভায় এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মনোনয়ন কমিটির সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

            সভায় জানানো হয়, বঙ্গবন্ধু নদীপদক প্রদানের জন্য জাতীয় পর্যায়ে আটটি এবং বিভাগীয় পর্যায়ে ১৫টি আবেদনপত্র পাওয়া গেছে। এগুলোর মধ্য থেকে জাতীয় পর্যায়ে তিনটি এবং বিভাগীয় পর্যায়ে আটটি পদক প্রদান করা হবে। উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পদকের সংখ্যা কম হতে পারে। প্রাপ্ত আবেদনপত্র থেকে যোগ্য প্রার্থীর কার্যক্রম যাচাইয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দু’জন করে কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। তারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবেন।

            নদী রক্ষায় ‘বঙ্গবন্ধু নদীপদক’ জাতীয় পর্যায়ে ব্যক্তি/ প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৭৫ হাজার টাকা ও সার্টিফিকেট এবং বিভাগীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য আঠারো ক্যারেট মানের ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৫০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে একটি করে মোট আটটি এবং জাতীয় পর্যায়ে তিনটি পদক প্রদান করা হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।