মালয়েশিয়ার প্রথম বাংলা পত্রিকা (সাপ্তাহিক) ‘প্রবাসী কণ্ঠ’র সম্পাদক ও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা প্রবীণ, সাংবাদিক গৌতম কুমার রায়ের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
প্রবাসী সাংবাদিক ও মালয়েশিয়ায় বাংলাভাষী সাংবাদিকদের মধ্যে অন্যতম, সবার পরিচিত মুখ, কমিউনিটি ব্যক্তিত্ব ও শ্রমিক বান্ধব সাংবাদিক গৌতম কুমার রায় বাংলাদেশ সময় বুধবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক গৌতম কুমার রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন গৌতম। ডায়াবেটিকের কারণে তার বাম পায়ের অর্ধেক কেটে ফেলা হয়েছিল। তিনি নারায়ণগঞ্জের কালি বাজারের বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গৌতম কুমার রায়ের মৃত্যুতে মালয়েশিয়ার নানা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অনেক অবদান রেখেছেন গৌতম কুমার রায়।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন প্রবীণ এই সাংবাদিক। জীবিকার টানে ১৯৯০ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়ে সাংবাদিকতা, সংস্কৃতি ও সাহিত্য চর্চার মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে তিনি তুলে ধরেছেন বিদেশিদের মাঝে।
গৌতম কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সদস্যরা।