প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গণভবনে বৈঠক শুরু হয়। এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মুসলিম দেশগুলোর সংগঠন অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪টি সদস্য দেশের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিসরের রাষ্ট্রদূত।
ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। এর সদস্য দেশ ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তঃদেশীয় জোট এটি। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোট। আল আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।