প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাকে ‘বৈশ্বিক জনস্বার্থসামগ্রী’ হিসেবে ঘোষণা করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত করোনা-সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার ‘হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-১৯ সামিট: এন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার হেলথ সিকিউরিটি’ শীর্ষক অনুষ্ঠানে আগে ধারণকৃত বক্তব্যে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় ভার্চ্যুয়াল এ শীর্ষ সম্মেলনের আয়োজন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কার্যকরভাবে বিশ্বব্যাপী টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনার জন্য কোভিড-১৯ টিকাকে বৈশ্বিক জনস্বার্থসামগ্রী হিসেবে ঘোষণা করা দরকার।
সম্মেলনে ভাষণে জো বাইডেন কোভিড-১৯ মহামারি অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী এবং বেসরকারি নেতাদের প্রতি আহ্বান জানান।





