× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

আনুপাতিক প্রতিনিধিত্ব তথা পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্ন বিরতির পর এ সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, উচ্চকক্ষ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় উচ্চকক্ষের সদস্য মনোনয়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর ন্যস্ত হয়। সেই অনুসারে কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থবিল বাদে সংসদে উত্থাপিত সব বিল উচ্চকক্ষে পাঠাতে হবে। উচ্চকক্ষ ওই বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে। কোনো বিল যদি এক মাসের বেশি সময় আটকে থাকে, তবে সেটি অনুমোদিত বলে গণ্য হবে।

উচ্চকক্ষ যদি কোনো বিল প্রত্যাখ্যান করে, তবে তা সংশোধনের সুপারিশসহ নিম্নকক্ষে ফেরত পাঠানো হবে। নিম্নকক্ষ চাইলে সেই সংশোধন আংশিক বা পুরোপুরি গ্রহণ করতে পারবে, আবার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানও করতে পারবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় উচ্চকক্ষের প্রার্থীরাও চূড়ান্ত করতে হবে। সেইসঙ্গে প্রার্থীদের ১০ শতাংশ নারী কোটা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।

তবে উচ্চকক্ষ গঠন নিয়ে বিভক্ত রাজনৈতিক মতামতও স্পষ্টভাবে উঠে এসেছে বৃহস্পতিবারের আলোচনায়। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট কমিশনের প্রস্তাবিত পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে।

দুপুরের বিরতির আগে এসব দল স্পষ্ট জানায়, তারা পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ চায় না। বিরতির পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতি ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার সঙ্গে ভিন্নমত পোষণ করে বিএনপিসহ কয়েকটি দল ও জোট। এ কথা লিখিত থাকলে আমরা সই করতে চাই না। ’

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। সিপিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং আমজনতার দল উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু উচ্চকক্ষে আইন প্রণয়নের ক্ষমতা থাকছে না, তাই তারা এর প্রয়োজনীয়তা দেখছে না।

উল্লেখ্য, উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকায় কমিশন তাদের জায়গা থেকে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..