মোহাম্মদ খায়রুল বশার: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের এক দশমাংশ আয়তন জুড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। রাংগামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠিত। এ তিনিটি জেলার মোট আয়তন ১৩,২৯৫ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ অঞ্চলের মোট জনসংখ্যা ১৫৮৭০০০ জন। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তাসমূহের অধিবাসীদের মধ্যে, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চংগ্যা, গারো, লুসাই, বোম, পাংখো, থুমি, চাক, খেয়াং, প্রভৃুত উপজাতি রয়েছে। অ উপজাতীয়দের মধ্যে ৪৮ ভাগ মুসলমান এবং বাকীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিস্বত্তা ও অ উপজাতীয় জনগোষ্ঠী তাদের নিজ নিজ ভাষা, সাংস্কৃতি, ধর্ম ঐতিহ্য ও কৃষ্টির সকীয়তা বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে।
১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য সমস্যাকে স্থায়ী সমাধানের জন্য তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন করেন। কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত হন। তৎকালীন জাতীয় সংসদের চীফ হুইপ এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে এবিএম মহিউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আতাউর রহমান কায়ছার, কল্প রঞ্জন চাকমা, দীপংকর তালুকদার, বীর বাহাদুর, সৈয়দ ওয়াহিদুল আলম, জয়নুল আবদীন ফারুক এবং এডভোকেট ফজলে রাব্বী মিয়া জাতীয় কমিটির সদস্য ছিলেন। পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনী নামে বেশকিছু সংগঠন থাকলেও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ছিল অন্যতম। মানবেন্দ্র লারমার ছোট ভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রূপায়ন দেওয়ান ও গৌতম চাকমা ছিলেন জনসংহতি সমিতির অন্যতম।
আবুল হাসানাত আবদুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই পার্বত্য অঞ্চলের বিরাজমান সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি জাতীয় কমিটির সদস্যদের নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিদর্শন করেন। জাতীয় কমিটির সদস্যবৃন্দ পার্বত্য অঞ্চলের মূল সমস্যাগুলো চিহ্নিত করে তার স্থায়ী সমাধানের জন্য জনসংহতি সমিতির নেতৃবৃন্দের সাথে রাঙ্গামাটি সার্কিট হাউস, খাগড়াছড়ি সার্কিট হাউস এবং ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেশ কয়েকটি বৈঠকে মিলিত হলেও বিএনপি’র দুজন সংসদ সদস্য কোন সভায় যোগ দেননি। এক পর্যায়ে জাতীয় কমিটি ও জনসংহতি সমিতি ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদনের বিষয়ে একমত পোষন করেন। অতঃপর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবুল হাসানাত আবদুল্লাহ’ এবং জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রতি পুর্ণ ও অবিচল আনগত্য রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও অর্থিৈনতক অধিকার এবং আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বাংলাদেশের সকল নাগরিকের স্ব স্ব অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই চুক্তি সম্পাদিত হয়।
পার্বত্য শান্তিচুক্তি নিঃসন্দেহে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। সংঘাত, সংঘর্ষ, বিদ্বেষ বিভেদ, হানাহানি রক্তক্ষয় পেছনে ফেলে পার্বত্য অঞ্চল জুড়ে পাহাড়ী বাঙালীদের মধ্যে স্থায়ী শান্তি, সৌহাদ্য ও সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, বিপুল পরিমান বৈদেশিক বিনিয়োগ আকর্ষন, পর্যটন কেন্দ্র নির্মানসহ অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনায় এ অঞ্চল আজ ভরপুর। দুই যুগেরও অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এক সহিংস অবস্থা বিরাজ করছিল। পাহাড়ী বাঙ্গালী নিরাপত্তা রক্ষী নির্বিশেষে বহুজনের প্রাণহানি ঘটেছে, বিনস্ট হয়েছে অনেক মূল্যবান সম্পদ। বিঘিœত হয়েছে উন্নয়ন প্রক্রিয়া। দেশের এক দশমাংশ ভৌগলিক এলাকা হয়ে পড়েছিল অভ্যন্তরীনভাবে প্রায় বিচ্ছিন্ন।
তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতা বা হস্তক্ষেপ ছাড়াই এই জটিল ও দুঃসাধ্য কর্ম সম্পাদন সম্ভব হয়েছে। যে কারণে দেশ বিদেশে পার্বত্য শান্তিচুক্তি এত বিপুলভাবে প্রশংসিত হয়েছে। এই চুক্তি নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারের একটি সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ, যার রূপকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ্।
আবুল হাসানাত আবদুল্লাহ সেদিন চুক্তি শেষে বলেছিলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ চুক্তি তারই প্রমাণ। এ চুক্তি করতে পেরে আমি খুব আনন্দিত। আমার মত লোক এ ধরনের একটি বড় সমস্যার সমাধান করতে পেরেছি, সেজন্য আল্লাহ্র কাছে শোকরিয়া আদায় করছি। তিনি বলেন, সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে একটা গণতান্ত্রিক সরকার যে জনগণের কল্যাণে বড় ভূমিকা রাখতে পারে এই চুক্তি তারই প্রমাণ। সন্তু লারমা বলেছিলেন, দীর্ঘজীবন আন্দোলন করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ভিত রচনা করেছি। শান্তিচুক্তিতে পাহাড়ী জনগণের যথেষ্ট দাবী আদায় হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের কারণেই এ দাবী আদায় সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকারের ইচ্ছা ও আন্তরিকতার কারণে চুক্তি সম্পাদন সম্ভব হয়েছে।
বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অস্তিত্ব রক্ষা ও বিকাশের ক্ষেত্রে যে ইতিবাচক ও সুদুরপ্রসারী সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৮ সালে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ।
শান্তিচুক্তি ফলে পাহাড়ে আজ শান্তির সুবাতাশ বইছে এবং উৎসবমূখর পরিবেশে শান্তিচুক্তি দিবস পালিত হচ্ছে।