পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার বেড়া থানা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতে উপজেলার সানিলা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে অনেকের আহতের খবর পাওয়া গেলেও কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও গত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেড়া উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রশিদ দুলাল এবং বেড়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাত ৯টার দিকে সানিলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, সন্ধ্যার পর উভয় গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে হতাহতের ব্যাপারে বিস্তারিত তিনি জানাতে পারেননি।