স্পোর্টস ডেস্কঃ শুরুতে দুর্দান্ত গতিতে ছুটছিলেন বাংলাদেশ যুবারা। তবে শেষ পর্যন্ত সেই গতিটা ধরে রাখতে পারলেন না তারা। এতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২৭৪ রান তুলতে সক্ষম হলো সাইফ বাহিনী। জিততে হলে ৫ দশমিক ৪৮ গড়ে ২৭৫ রান করতে হবে পাকিস্তানকে।
কুয়ালালামপুরের কিনকারা একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ। উদ্বোধনী জুটিতেই তারা তুলে ফেলেন ৫১ রান। দলীয় এ রানে ব্যক্তিগত ১৪ করে ফেরেন নাইম।
এরপর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে ছুটে চলেন পিনাক। তাদের জুটিতে আসে ১০৫ রান। দু’জনই দেখা পান হাফসেঞ্চুরির। ব্যক্তিগত ৬১ রান করে ফেরেন সাইফ। আর ৮২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন পিনাক।
এরপরই ঘটে ছন্দপতন। দ্রুত বিদায় নেন তৌহিদ, আমিনুল ও মাহিদুল। শেষ দিকে আফিফের লড়াকু ৫২ রানে ভর করে ২৭৪ রান তোলে যুবারা।
এর আগে গ্রুপ পর্বে নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে হারিয়ে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট কাটে বাংলাদেশ।