ভোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার

ভোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার

পশ্চিমবঙ্গের কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোল পাল্টে যাচ্ছে। সকালের দিকে শীতের শিরশিরানি ভাব দেখা দিয়েছে। যদিও বেলা গড়ালে উবে যাচ্ছে সেই হিমেল অনুভূতি।

তবে রাতের দিকে আবার টের পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

১০ বছর পর এই প্রথম অক্টোবর মাসে এতটা কমলো সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর কলকাতা শহরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। ১০ বছর আগের সেই রেকর্ড শনিবার ভেঙে গেল কলকাতায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনো শীত আসতে দেরি রয়েছে। এমন শীতল ভাব বজায় থাকবে শহরে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে।

কলকাতায় শীতের জবুথবু ভাব মূলত ডিসেম্বর ও জানুয়ারিতে হয়। নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে শীতের হালকা ভাব টের পাওয়া যায়।

দিন কয়েক আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সরাসরি প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গে। বৃষ্টি আর দমকা হাওয়া বয়েছে। সেই সময়ই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সিত্রাং বিদায়ের পর রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।