× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

‘পরিস্থিতি জটিল করবে জিয়ার পদক প্রত্যাহার’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার ‌‌‌‘রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ আখ্যা দিয়ে দলটি বলছে, ‘এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো সংকটময় ও জটিল করে তুলবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদক প্রত্যাহার নিয়ে কথা বলেন।

পদক প্রত্যাহারে দেশের রাজনীতিতে ‌‘খারাপ নজির সৃষ্টি করা হয়েছে’ মন্তব্য করে তিনি এর তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পদক যথাস্থানে স্থাপন করার আহ্বান জানান তিনি।

বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

২০০৩ সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তৎকালীন বিএনপির সরকারের ওই পদক্ষেপ জিয়াকে ওপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির জনককে অবমাননার তীব্র সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্প্রতি জিয়াউর রহমানকে দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা বাতিলের সিদ্ধান্ত নেয়।

পদক প্রত্যাহারের সমালোচনা করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‌এই সিদ্ধান্তে শুধু জিয়াউর রহমানকে হেয় করা হচ্ছে না, স্বাধীনতা সংগ্রামে যারা অসাধারণ অবদান রেখেছেন তাদের সবার জন্য এটি চরম অবমাননাকর।

‍‘সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করল যে, সত্যিকার মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। এই ধরনের গণবিরোধী সিদ্ধান্ত দেশকে আরো বিভক্ত করবে। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটা প্রতিহিংসাপরায়ণ, গণবিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ। এটি স্বাধীনতা পরবর্তী সময়ে পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিদের অবমাননা করার শামিল।’

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‌‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা কেড়ে নিচ্ছে, তারা স্বাধীনতাকে অস্বীকার করছে। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তখন থেকেই জিয়া একটি নাম, একটি কিংবদন্তি, একটি স্বপ্ন।’

তিনি বলেন, ‌‌‘বিচারপতি খায়রুল হকের একটি রায়ের অবজারভেশন হতে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক চিত্র বদলে দিচ্ছে আওয়ামী লীগের এই অনৈতিক সরকার। শহীদ জিয়া সামরিক অভ্যুত্থান ঘটাননি। ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক।’

‘স্বাধীনতা যুদ্ধে যারা জিয়ার অবদানকে অস্বীকার করে শুধুমাত্র আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা করে তার পদক সরিয়ে ফেলে, মাজার সরিয়ে ফেলতে চায়; তারাই স্বাধীনতাবিরোধী। আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে ইতিহাস নির্ধারণ করা যায় না। সত্যের ওপর ভিত্তি করেই কালজয়ী ইতিহাস রচিত হয়’, বলেন বিএনপি মহাসচিব।

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের অনৈতিক সরকার শুধু ইতিহাস বিকৃতই করছে না, তাদের নিজেদের স্বার্থে দেশের সকল স্থিতিশীলতা ধ্বংস করে স্বেচ্ছাচারিতার চরম নজির স্থাপন করে ভিন্ন রংয়ে একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে জনগণের ওপর। বহুমত, বহুপথ ও মুক্তচিন্তাকে কবর দিয়ে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..