পরমাণু চুক্তিতে আমেরিকাকে ফেরাতে ভারত বড় ভূমিকা নিতে পারে আশাবাদী ইরান

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ পরমাণু চুক্তিতে আমেরিকাকে ফেরাতে ভারত বড় ভূমিকা নিতে পারে বলে আশাবাদ ব্যাক্ত করেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল। সেই সূত্রে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আমেরিকাকে ফেরানোর জন্য তদ্বির শুরু করুক নয়াদিল্লি এমনই মত প্রকাশ করল ইরান।

রাইসিনা-বৈঠকের পরে ভারত থেকে ফেরার আগে এমনই আহ্বান জানালেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ। তাঁর কথায়, পরমাণু চুক্তিতে আমেরিকাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত বড় ভূমিকা নিতে পারে। আমরা সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না।

প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প বলে এসেছিলেন, এই চুক্তি ওবামার অত্যন্ত ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনও সুবিধে হয়নি। উল্টে ব্যাপক লাভ হয়েছে ইরানের। শেষ পর্যন্ত ২০১৮ সালের মে মাসে হোয়াইট হাউসের তরফে একটি টুইট করে জানানো হয়, ‘‘আমেরিকার জাতীয় নিরাপত্তার পরিপন্থী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি। তাই এই চুক্তি ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৫ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং আমেরিকা। সেই চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র তৈরি বন্ধ রাখলে তেহরানের উপর বসানো বিপুল আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা ও অন্যান্য বেশ কিছু দেশ। এই চুক্তির ফলে এক দিকে যেমন ইরানকে নিয়ে চিন্তা কমে হাঁফ ছেড়েছিল আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া, তেমনই প্রায় দশ হাজার কোটি ডলারের সম্পত্তি ফিরে পেয়েছিল ইরান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।