স্টাফ রিপোর্টার: ‘পথভ্রষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর তদন্ত করে দেখা উচিত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে পাকিস্তানি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আক্রমণ চালিয়েছে। আমাদের কর্মীদের আহত করেছে। বিনা কারণে আমাদের কর্মীদের আটক করেছে। সরকারের নির্দেশ অনুযায়ী কোনো কর্মসূচিতে বাধা দেয়ার অধিকার অবশ্যই পুলিশের আছে, কিন্তু যেভাবে কিছু পুলিশ সদস্য শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা করেছে, ধাওয়া করেছে, তাতে বোঝা যায়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।
ইমরান বলেন, একের পর এক পুলিশ বাহিনীর কিছু সদস্য নানাভাবে সাধারণ মানুষকে নিপীড়ন করছে। সিটি করপোরেশনের কর্মকর্তা বিকাশ সাহাকে নির্যাতন করেছে, ব্যাংকার রাব্বিকে নির্যাতন করেছে, তখন এ সবকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ বাহিনীর কর্মকর্তারা নানারকম কথা বলছেন।
তিনি বলেন, ‘তাদের এ জাতীয় বক্তব্য নিপীড়নকে আরো উস্কানি দিচ্ছে। এতে পুলিশ বাহিনীর কিছু সদস্য জনগণকে নিপীড়নে উৎসাহী হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়। এর প্রমাণ গুলশান দুই নম্বর চত্বরে আমরা দেখেছি।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক বা বন্ধুত্বের কিছু নিয়ম রয়েছে। এটি দ্বিপাক্ষিক বিষয়। সম্পর্ক রক্ষা করতে হলে দুইপক্ষকেই এগিয়ে আসতে হয়। আজকে বাংলাদেশ শুধু বন্ধুত্বের হাত বাড়িয়ে যাবে, আর পাকিস্তান জঙ্গি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে, সার্বভৌমত্বের ওপর আঘাত হেনে সম্পর্কের অমর্যাদা করে যাবে, তারপরেও বাংলাদেশ সরকার কিছু না বলে মেনে নেবে, এটাকে সম্পর্ক রক্ষা বলে না।
‘পাকিস্তান একের পর এক আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধে তারা যে গণহত্যা চালিয়েছিল সে গণহত্যার দায় অস্বীকার করছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদের দূতাবাসটিকে জঙ্গিবাদী কাজে ব্যবহার করছে, দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদেরকে অর্থ দিচ্ছে এদেশকে অস্থিতিশীল করার জন্যে, এসবের প্রেক্ষিতেই আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। কিন্তু বিষয়টি আমলে নেয় নি।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন সঞ্জীবন সুদীপ, রিয়াজ সোহেল এবং ভাস্কর রাসা প্রমুখ ।