অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন মোট পাঁচবার। ‘মিলিয়ন ডলার বেবি’ (২০০৪) ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জিতেছিলেন সেরা সহ-অভিনেতার অস্কার। ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ ছবির জন্যও তাঁকে বোদ্ধারা মনে রাখবেন অবশ্যই। এত সাফল্যের পরেও অভিনেতা মরগ্যান ফ্রিম্যান জানিয়েছেন, নিজের ছবির ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ ছবিটি সফল হবে কিনা— সে সম্পর্কে মোটেও নিশ্চিত নন তিনি!
‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ছবির ধারাবাহিক পরের ছবি ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। গতকাল মুক্তি পেয়েছে এ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন মরগ্যান ফ্রিম্যান।
‘হেইইউগাইজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই মার্কিন অভিনেতা জানিয়েছেন, নিজের নতুন ছবি থিয়েটারে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি কিছুতেই বলতে পারেন না; ছবিটি আদৌ সফল হবে কিনা কিংবা এ ছবির ধারাবাহিক তৈরি হবে কিনা। চ্যানেল টোয়েন্টিফোরকেও সম্প্রতি এমনটাই জানিয়েছেন মরগ্যান ফ্রিম্যান।
মরগ্যান ফ্রিম্যান বলেছেন, ‘কোনো একটি ছবিতে অভিনয়ের পর সেটি সফল হবে কিনা বা ছবিটির ধারাবাহিক তৈরি হবে কিনা সে ব্যাপারে আগে থেকেই কিছু বলতে পারি না আমি। বলাটা আসলে সম্ভবও নয়। কারণ, এটা পুরোপুরিই দর্শকদের ওপর নির্ভর করে।’
মরগ্যান ফ্রিম্যান অভিনীত ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল ৪ এপ্রিল। এ ছবিতে আরও অভিনয় করেছেন জেরার্ড বাটলার, অ্যারন একহার্ট, অ্যাঞ্জেলা ব্যাসেট, রবার্ট ফর্স্ট প্রমুখ।