ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজ রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন। এসময় তিনি ভূমি ভবনে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কিভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন। প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এসময় প্রতিমন্ত্রীর সাথে তাঁর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।